প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
মিশরে দুই ট্রেনের সংঘর্ষে চার জনের প্রাণহানি

মিশরের গিজা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও ৮৮ জন আহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) গিজা গভর্নরেটের গেরজা গ্রামের কাছে আল-আয়াত এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গিজা থেকে ফায়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী অন্য একটি ট্রেনের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে বাঁধের নিচে পড়ে যায়। এরপর ঘটনাস্থলে ৭২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
সরকার জানিয়েছে, বিপুল সংখ্যক রোগী আসায় এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিবিসি আরবি-র প্রতিবেদন অনুযায়ী, গিজা এবং আপার ইজিপ্ট অঞ্চলের মধ্যে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠিয়েছে। মিশরীয় প্রসিকিউটররা ট্রেন লাইনচ্যুতির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। তারা পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন।
এদিকে প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা যায়। উল্লেখ্য, আল-আইয়াত হলো মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রেল বিপর্যয়ের স্থান। ২০০২ সালে সেখানে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
সূত্র: বিবিসি,রয়টার্স।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।